আরাকান আর্মির ওপর জান্তার বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত
আজ ভোররাত থেকে মিয়ানমারের অভ্যন্তর হতে ভেসে আসছে বিকট বিস্ফোরণের শব্দ। প্রচণ্ড শব্দে থেকে থেকে কেঁপে উঠছে বাংলাদেশের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, থেমে থেমে বিকট শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং বাজার, তুলাতলী, লম্বাবিল, তেচ্ছিব্রিজ ,উনছিপ্রাং, কুতুবদিয়া পাড়া, কাঞ্জর পাড়াসহ বিভিন্ন এলাকা। এপার থেকে ধারণা করা হচ্ছে মিয়ানমারে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে।
আজ রোববার (১১ জানুয়ারি) ভোররাত ৩টা থেকে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা।
হোয়াইক্যংয়ের উনছিপ্রাং বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ তাহের নঈম জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এমন বিকট শব্দ আগে কখনো শোনা যায়নি।
স্থানীয় অধিবানী ফরহাদ বলেন, গভীর রাতে মিয়ানমারের বিস্ফোরণের শব্দ পেয়ে ভয়ে ঘুম ভেঙে যায়, সীমান্তের এপারের ঘরবাড়ি কেঁপে উঠেছে, গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, মিয়ানমারে জান্তা সরকার আরাকান আর্মির ওপর আকাশপথে হামলা করছে। অসমর্থিত একটি সূত্র বলছে, সীমান্তের ওপারে মংডুর কুমিরাখালীতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, ২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন প্রান্তে বাংলাদেশ লাগোয়া ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিদ্রোহীদের সংগঠন আরকান আর্মি।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)