পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ১
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগ উঠেছে। রোববার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মো. আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। লুণ্ঠিত মালামাল নিয়ে পালানোর সময় মো. শান্ত (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক শান্ত ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র দল আবুল হোসেনের ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তদের প্রত্যেকের পরনে পুলিশের পোশাক ছিল। তারা পরিবারের চার সদস্যের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে এবং ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
চক্রটি পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া দেয়। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে গেলেও শান্তকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শান্ত স্বীকার করেছে যে, এর আগের দিন শনিবার রাতেও তারা একই কায়দায় মহেশপুরের ভালাইপুর গ্রামে লুটতরাজ চালিয়েছিল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)