সাক্ষাৎকারের আগে ভিসা বন্ড জমার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা
ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে অতিরিক্ত সময় অবস্থান করা ঠেকাতে যুক্তরাষ্ট্রে ভ্রমনেচ্ছু বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার বন্ড হিসেবে জমা দেওয়ার শর্ত বুধবার থেকে কার্যকর হচ্ছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ভিসা সাক্ষাৎকারের আগে কোনো ধরনের বন্ড পরিশোধ করার বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (B1/B2) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।
তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে।
এতে আরও বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
ব্যবসা ও পর্যটনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতে যেসব দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ‘বন্ড’ দিতে হবে, সেই তালিকায় সম্প্রতি বাংলাদেশকে যুক্ত করে দেশটি।
এই দুই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের মধ্যে দেশটি ত্যাগ করলে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভ্রমণ না করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের বেশি অবস্থান, সময়মতো দেশত্যাগ না করা বা ভিসার শর্ত ভঙ্গ করলে বন্ড বাজেয়াপ্ত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক