শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব
মৌলভীবাজারে কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের নিজস্ব উদ্যোগে উপজেলার প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। শুধু সংবাদ পরিবেশন নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে কেউই শীতে কষ্ট পাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মোস্তফা। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রণীতরঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, পিন্টু দেবনাথসহ স্থানীয় সাংবাদিকরা।
প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, হাড়কাঁপানো শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের সামান্য উষ্ণতা দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কমলগঞ্জ প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)