৪ দশকের শিক্ষকতা শেষে সায়েদা খানমকে বর্ণাঢ্য সংবর্ধনা
সুদীর্ঘ চার দশকের শিক্ষকতা জীবন সফলভাবে সমাপ্ত করে অবসরে যাওয়া শিক্ষক সায়েদা খানমের অবদানকে স্মরণ করে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা বিস্তারে তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহলীনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে নাজনীন সুলতানা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষক সায়েদা খানম তার দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে নিরলস পরিশ্রম ও আন্তরিকতা দেখিয়েছেন, তা এই অঞ্চলের শিক্ষানুরাগী মহলে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সায়েদা খানম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের এই ছোট্ট প্রাঙ্গণ, কচিকাচা শিশুদের কলকাকলি আর সহকর্মীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ দীর্ঘ চার দশক পর যখন আমি বিদায় নিচ্ছি, মন ভারাক্রান্ত হলেও আমি গর্বিত যে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনের কারিগর হিসেবে কাজ করতে পেরেছি। আজ আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিলেন, তা হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম ও মো. মাহমুদ হোসাইন। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদিন বাচ্চু, প্রধান শিক্ষক রাহাতারা বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক নুরজাহান বেগম, কিসমত আরা বেগম, মো. জামাল উদ্দিন, সহকারী শিক্ষক নাজিয়া জেবিন, আবুল বাশার মুহাম্মদ রুহুল্লাহ এবং অভিভাবক প্রতিনিধি মো. ইশ্রাব আলী।

আশিকুল ইসলাম, মৌলভীবাজার (বড়লেখা-কুলাউড়া-জুড়ী)