বসতঘরের সিঁড়ির নিচ থেকে বিষধর ৫টি পদ্ম গোখরোর বাচ্চা উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচে লুকিয়ে থাকা বিষধর পাঁচটি পদ্ম গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপগুলোর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যৌথভাবে এগুলো উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানপ্রবাসী মুজাহিদ আলীর 'মুজাহিদ মঞ্জিল' থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদ মঞ্জিলের সিঁড়ির নিচে কয়েকটি সাপের বাচ্চা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। তবে সেখান থেকে তাৎক্ষণিক কোনো উদ্ধারকারী দল না পাওয়ায় রাজকান্দি রেঞ্জ কার্যালয় এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হয়।
সংবাদ পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘরের সিঁড়ির নিচ থেকে সতর্কতার সঙ্গে একে একে পাঁচটি 'মনোক্লেড কোবরা' বা পদ্ম গোখরোর বাচ্চা অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সাপগুলো অত্যন্ত বিষধর প্রজাতির হওয়ায় লোকালয়ে এগুলো দেখা দিলে হত্যা না করে বন বিভাগকে জানানোর পরামর্শ দেন তারা।
পরবর্তীতে উদ্ধারকৃত সাপের বাচ্চাগুলো শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, গোখরো সাপের বাচ্চাগুলোকে বর্তমানে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অতি দ্রুতই এগুলোকে গভীর বনে অবমুক্ত করা হবে।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)