লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মাঝেও সেগুন গাছ চুরি
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া সংলগ্ন স্টিল ব্রিজ এলাকার শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রধান সড়কের পাশ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে একটি বিশাল মৃত সেগুন গাছ চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৭ ফুট পরিধির এই গাছটির বাজারমূল্য অন্তত এক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনায় বন প্রহরী ও স্থানীয় বন টহল দলের (সিপিজি) দায়িত্ব অবহেলা এবং অভ্যন্তরীণ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভানুগাছ বাজারের এক পথচারী বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ত্রিপল দিয়ে ঢাকা একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক দ্রুতগতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখা যায়। ট্রাকটির ওপরে লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসা ছিলেন এবং সেটিকে পাহারা দিয়ে সামনে মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানকিছড়া গেটে বন প্রহরী বাবুল ও সিপিজি সদস্য বিজয় বাউরি দায়িত্বে ছিলেন। অন্যদিকে, লাউয়াছড়া প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত ছিলেন। এমন কড়া নজরদারির মাঝখান থেকে মহাসড়কের পাশ থেকে কীভাবে এত বড় একটি গাছ কেটে ট্রাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হলো, তা নিয়ে জনমনে রহস্য ও অসন্তোষ তৈরি হয়েছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি হওয়া সেগুন কাঠ উদ্ধার ও চোরাকারবারিদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনার পেছনে বন বিভাগের কারো জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)