১২০০ কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে প্রায় ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার ঘটনায় এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংবাদটি প্রশাসনের নজরে আসার পর ঘটনাটি তদন্তে সিলেট বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুর রহমান। এতে সদস্য হিসেবে রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তদন্ত কমিটি রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিট এলাকায় সরেজমিনে তদন্ত পরিচালনা করবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। গঠন করা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১ জুলাই এনটিভি অনলাইন মাল্টিমিডিয়ায় রাজকান্দি বন রেঞ্জের আদমপুর, কুড়মা ও কামারছড়া বন বিটে দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে সেখানে বন বিভাগের অভিযানে দীর্ঘ আট বছর ধরে গড়ে তোলা সালমা বেগম ও আলিম উল্লাহ দম্পতির প্রায় ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার ঘটনায় ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এনজিও থেকে ১৫-২০ লাখ টাকা ঋণ নিয়ে তারা এই কমলা বাগান গড়ে তুলেছিলেন। তবে নিয়মিত মাসোহারা বা চাদা দিতে না পারায় প্রতিহিংসাবশত বন বিভাগ তাদের পুরো বাগান কেটে ধ্বংস করে দিয়েছে। এনটিভি অনলাইনে ধারাবাহিকভাবে খবরটি প্রকাশের পর প্রশাসনের এই জরুরি পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)