সরকারি চাল বিতরণে কারচুপির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জের ইটনায় সরকারি ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগে জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণের সময় ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াম মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এই অভিযান চালায়।
স্থানীয়রা জানায়, ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর—এই তিন মাসের জন্য প্রতিজন উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। কিন্তু বিতরণ করা হয়েছে মাত্র ৮০ কেজি করে। বিষয়টি সেনাবাহিনীকে জানায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৮০ কেজি অতিরিক্ত মজুত রাখা চাল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৯ নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ড মেম্বার বাহা উদ্দিন, ৮ নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়া এবং সংরক্ষিত ৩, ৪, ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. মাজিয়া আক্তারকে আটক করা হয়।
তদন্ত শেষে ৯ নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়ার বিরুদ্ধে চাল কারচুপির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ফলে বাকিদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। সোহেল মিয়াকে রাত আনুমানিক ৮টার দিকে ইটনা থানায় হস্তান্তর করা হয়। অভিযুক্ত সোহেল মিয়ার বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বাদী হয়ে ইটনা থানায় একটি মামলা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, চাল কারচুপির অভিযোগে একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেছেন। জিজ্ঞাসাবাদে আনা অন্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)