শেখ হাসিনার পিএস জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দের আদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এছাড়া পিএস জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে সাত ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
মো. রিয়াজ বলেন, আজ দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক আবেদন করেন।
জাহাঙ্গীরের আবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার জন্য আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা করা হয়। ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক মামলাটি করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। জাহাঙ্গীরের স্থাবর সম্পদ হস্তান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদসমূহ জব্দ করা আবশ্যক।
কামরুন নাহারের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ছয় কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীরের সহায়তায় দু’টি ব্যাংকের মোট চার শাখার সাতটি অ্যাকাউন্টে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে সর্বমোট পাঁচ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৮৫৫ টাকা জমা করেছেন। এর জেরে কামরুন নাহার ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়।

আদালত প্রতিবেদক