তিন জেলায় শৈত্যপ্রবাহ, বাড়বে কুয়াশা
দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় শীতের তীব্রতা বেড়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বার্তায় জানানো হয়েছে, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে ৫ দিনের এই পূর্বাভাসে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে যা দৃষ্টিসীমা কিছুটা কমিয়ে আনতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার (২৪ জানুয়ারি) ও আগামীকাল রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী সোমবার অর্থাৎ ২৫ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ২৬ ও ২৭ জানুয়ারি আবারও তাপমাত্রার সামান্য তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তবে বর্ধিত ৫ দিনের সামগ্রিক পূর্বাভাসে আবহাওয়ার বড় ধরনের বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর। ঢাকার বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটারের মধ্যে থাকবে। একই সঙ্গে বায়ুমণ্ডলের আর্দ্রতা শুষ্ক প্রকৃতির থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক