ইঞ্জিন বিকল হয়ে চাঁদপুরে ৬ ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস
যান্ত্রিক ত্রুটির কারণে চাঁদপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘ ৬ ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। আজ শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে লাকসাম থেকে আনা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করার পর ট্রেনটি যাত্রা শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিনের নির্ধারিত সূচি অনুযায়ী তিন শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রার আগমুহূর্তে ইঞ্জিনের কম্প্রেশারে ত্রুটি ধরা পড়ায় ট্রেনটি প্ল্যাটফর্মেই স্থবির হয়ে পড়ে।
ভোররাত থেকে দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের কয়েক ঘণ্টা অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়। অনেক যাত্রী অভিযোগ করেন, স্টেশনে প্রয়োজনীয় তথ্য ও ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে তাদের ভোগান্তি আরও বেড়েছে। ঘন ঘন যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি জানান ভুক্তভোগীরা।
চাঁদপুর স্টেশন মাস্টার শোয়াইবুল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত ইঞ্জিনের কম্প্রেশার বিকল হওয়ার কারণেই নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। লাকসাম থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে যুক্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

শরীফুল ইসলাম, চাঁদপুর