টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দেশের পর্যটন ও চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডায় পাহাড় ও হাওর পাড়ের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
রেকর্ড তাপমাত্রা শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল শনিবার (২৪ জানুয়ারি) এখানকার তাপমাত্রা নেমে এসেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল ওই দিনেরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
টানা এই শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা বাগানের শ্রমিক, হাওর পাড়ের বাসিন্দা এবং ছিন্নমূল মানুষ। তীব্র ঠান্ডার কারণে বৃদ্ধ ও শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। হাড়কাঁপানো শীতে ভোরে কাজে বের হতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবীরা।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, দিনের বেলা রোদের উপস্থিতিতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত মনে হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা প্রকট হচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও চা বাগানগুলোতে শীতের প্রকোপ অনেক বেশি।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)