মাইনিং প্রকল্পের জন্য ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতীয় ৮টি ট্রাকে করে এই বিস্ফোরকের বড় চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। আমদানিকৃত পণ্যটি অত্যন্ত বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় পুরো বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কাজ পরিচালনার জন্য এই বিস্ফোরকগুলো আনা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’। জনবহুল বন্দর এলাকায় বড় অংকের বিস্ফোরকের মজুদ নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বন্দর প্রশাসন।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকের চালানটি বন্দরে প্রবেশের পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
শামীম হোসেন আরও জানান, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে একটি কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ের মধ্যে এই বিস্ফোরকের চালানটি গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহসিন মিলন, বেনাপোল