তিন দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর ফলে দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এর আগে নির্বাচনি নিরাপত্তার স্বার্থে গত রোববার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। তবে এই সময়ে শুধুমাত্র অতি পচনশীল পণ্য এবং জরুরি চিকিৎসাসেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বন্ধ থাকার পর নির্ধারিত সময় শেষে আজ সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, তিন দিন পর আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং বাংলাদেশ থেকেও রপ্তানি স্বাভাবিক গতিতে চলছে।
তিনি আরও জানান, বন্ধের সময় যাতে বন্দরে বড় ধরনের পণ্যজট সৃষ্টি না হয়, সে জন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আগে থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছিল। এখন দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের পদচারণায় ফের ব্যস্ততা বেড়েছে।

মহসিন মিলন, বেনাপোল