ময়মনসিংহে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি সভা
ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এ জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। এ উপলক্ষে আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
তারেক স্মৃতি অডিটরিয়ামে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। বিকেলে নেতারা সভাস্থল সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা মঞ্চ তৈরি, বয়স্ক ও নারী কর্মীদের বসার স্থান, স্বেচ্ছাসেবকদের অবস্থানসহ সভাস্থলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমান এর আগে ২০০৫ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপলক্ষে ময়মনসিংহ সফর করেন। তার সফর উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

আইয়ুব আলী, ময়মনসিংহ