শ্রিংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে শ্রিংলার বক্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্রনীতির পরিপন্থী বলে উল্লেখ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি নিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে একজন সাবেক কূটনীতিক ও বর্তমান সংসদ সদস্যের এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হর্ষ বর্ধন শ্রিংলা জামায়াতে ইসলামী সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে তা সম্পূর্ণ তাদের নিজস্ব এখতিয়ার এবং কোনো বিদেশি রাজনীতিবিদের তা নির্ধারণ করার সুযোগ নেই।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে বা কোন দল কত ভোট পাবে—এ ধরনের মন্তব্য করে শ্রিংলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। জামায়াত একটি আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক দল হিসেবে জনগণের অধিকার ও সুশাসনের প্রশ্নে সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হর্ষ বর্ধন শ্রিংলা মন্তব্য করেন যে, জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কখনো জিততে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
শ্রিংলার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই জামায়াতের পক্ষ থেকে এমন কড়া প্রতিবাদ জানানো হয়। জামায়াত আশা প্রকাশ করেছে যে, ভারতের দায়িত্বশীল মহল ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থেকে কূটনৈতিক সৌজন্য বজায় রাখবে।

নিজস্ব প্রতিবেদক