অর্থ আত্মসাতের মামলায় সালমান এফ রহমান চার দিনের রিমান্ডে
জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা সালমান এফ রহমানকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের কথিত গ্রাহক স্কাইনেট অ্যাপারেলসের মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণসুবিধা মঞ্জুর করেছেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসি দিয়ে নিজেদের মধ্যে মালামাল আমদানি ও রপ্তানি দেখিয়ে বিল তৈরি করে ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাত করেছেন। সেই সঙ্গে আত্মসাত করা অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর এবং স্থনান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

আদালত প্রতিবেদক