ছাত্রলীগের ৫ কর্মী কারাগারে
রাজবাড়ীতে আদালত চত্বরে পুলিশের সামনে প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টি চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর ১নং আমলী আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন—মো. জনি শেখ, মো. তৌফিক আহম্মেদ তাহিম, মো. শান্ত শেখ, মো. সাজ্জাদ হোসেন ও মো. মুনজেল শেখ।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হওয়া রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে গতকাল রোববার আদালতে হাজিরার জন্য আনা হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা তার সমর্থনে প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচজনকে আটক করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে তাদের আদালতে নেয় পুলিশ। শুনানি শেষে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, রাজবাড়ীতে আদালত চত্বরে প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার পর রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী