কেরানীগঞ্জে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ
দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ঢাকা-৩ আসনে জামায়াতের নির্বাচনি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ডে জামায়াতে ইসলামের প্রার্থীর মিছিলে পেছন থেকে হামলার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। থানা-পুলিশ ঘটনার তদন্ত করছে।
হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে ঢাকা-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, মাগরিবের নামাজের পরে আব্দুল্লাহপুরে গণসংযোগের সময় একদল বিএনপি নেতাকর্মী পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় মারাত্মকভাবে আহত হন। তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন হামলার শিকার হন। স্থানীয় বিএনপিনেতা সামিউলের নেতৃত্বে হামলা চালানো হয়।
আহতদের মধ্যে একজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ শাহিনুর ইসলাম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহপুর করেরগাঁও জামায়াতের নির্বাচনি ক্যাম্পে প্রতিবাদ সভা করা হয়।
তবে বিষয়টি অস্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি হামলা-সংঘাতে বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিএনপির শান্তিপূর্ণ কর্মকাণ্ডে কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বা নির্বাচন বানচালের চেষ্টা করে সেটা তাদের বিষয়। আব্দুল্লাহপুরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই গণসংযোগ চলছে। কে বা কারা হামলা করেছে তা বিএনপির ওপরে দায় দেওয়া উচিত নয়। সারাদিনই জামায়াত বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বিঘ্নে গণসংযোগ করেছে, বিএনপির কেউ হামলা করেনি।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ