মুন্সীগঞ্জে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন
আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মুন্সীগঞ্জ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে মূলত গণভোটের গুরুত্ব এবং সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করতে ইমামদের শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি তার বক্তব্যে সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ভোটারদের সচেতন করতে আলেম সমাজের অবদানের কথা তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন ও জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন মুন্সীগঞ্জের উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ