গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতিসংঘ। বুধবার (১৮ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এক প্রশ্নের জবাবে বাংলাদেশের চলমান সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
ব্রিফিংয়ে প্রশ্নকর্তা উল্লেখ করেন, বাংলাদেশে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার গণভোটের রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে দেশে বড় ধরনের রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং বিরোধী দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না এবং জনগণের রায় বাস্তবায়নে জাতিসংঘের কোনো আহ্বান থাকবে কি না, তা জানতে চাওয়া হয়।
জবাবে জাতিসংঘের পক্ষ থেকে ফারহান হক বলেন, ‘গণভোটের বিষয়ে আমাদের প্রত্যাশা হলো—বাংলাদেশে সব ধরনের সাংবিধানিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর প্রতি সম্মান প্রদর্শন করবে।’ মূলত এই বার্তার মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক