হবিগঞ্জে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ
হবিগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিরা ও মশার কয়েল জব্দ করেছে বিজিবি। আজ বুধবার (২৮ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোরে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে একটি কাভার্ড ভ্যান ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
এছাড়া একই দিন ভোর ৪টার দিকে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাভর্তি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত চোরাই পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ