মোংলায় অস্ত্র-গুলিসহ আটক ১
বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ‘করিম শরীফ বাহিনী’র এক সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি একনালা বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মোংলা নদীর নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৪০) নামে এক ডাকাত সহযোগীকে আটক করে যৌথবাহিনী। আটক রাসেল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালে পুনরায় ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ডাকাত সদস্য মোশাররফের একটি কাঠের বোট থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক ডাকাত সহযোগী ও উদ্ধারকৃত সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আবু হোসাইন সুমন, মোংলা