দায়িত্ব পেলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব : হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের ঘুম হারাম করে দেব।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে এক নির্বাচনি সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।
মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও এর সঙ্গে জড়িত সবাইকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা ভুল থেকে ফিরে আসুন। কর্মসংস্থানের প্রয়োজন হলে আমাদের জানান—দোকান, গরু বা অন্য কোনো বৈধ উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি মনে করে এখানে মাদক ব্যবসা বা সিন্ডিকেট চালাবে, তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হবে।
রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক বড় বড় নেতা এত দিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছে। এখন তারা পালানোর পথে। ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই তাদের শেষ হবে।
নিজের সঙ্গে ছবি তুলে অবৈধ সুবিধা নেওয়ার অপচেষ্টার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। এমন কি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতেও আসেন, তাকেও কোনো জায়গা দেওয়া হবে না। ছবি দেখিয়ে সম্পর্ক প্রমাণ করা যাবে না।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে নেতারা নির্বাচনের আগে সামান্য সহায়তা করে পাঁচ বছর জনগণের কাছে পাওয়া যেত না। এবার উল্টো হবে। প্রথম ১৫ দিন জনগণ আমাকে সাহায্য করবে, আর পরের পাঁচ বছর আমি জনগণের পাশে থাকব।
হাসনাত আব্দুল্লাহ ভোটার ও কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে প্রতিদিন অন্তত ১০ জনের কাছে যেতে হবে শাপলা কলি মার্কায় ভোট চাওয়ার জন্য। ভোট দেওয়ার বয়স না হলেও ভোট চাওয়ার কোনো বয়স নেই। তাই সবাইকে প্রচারণায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট দুই ভাবে হয়—একটা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজদের সঙ্গে আপস করে। আরেকটা হয় সাধারণ মানুষের কাছে গিয়ে। আমি জনতার কাছে এসেছি। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের ঘুম হারাম করে দেব।
নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ইনশাআল্লাহ এবার আমাদের মায়েদের, খালাদের, চাচিদের ভোটেই আমরা সংসদে যাব। নারীরা একবার কথা দিলে সেটা কখনও ভাঙে না। এবারের ভোটে আপনারা আপনাদের সন্তান হিসেবেই আমাকে ভোট দিন।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)