সরিষাবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বলারদিয়ার গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযানে অংশ নেয়।
তল্লাশিকালে আমিনুলের বাড়ির পাশের একটি ধানক্ষেত সংলগ্ন গোয়ালঘরের ভেতর থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় আমিনুল ইসলামকে আটক করা হয়। সকালে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক আমিনুল ইসলামকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে একজনকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আসমাউল আসিফ, জামালপুর