শেরপুরে জামায়াতনেতা হত্যা মামলা নিয়ে পুলিশের ব্রিফিং
শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতনেতা মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে আসামির সংখ্যা কিছুটা ভিন্ন থাকলেও চূড়ান্তভাবে ২৩১ জনের নাম উল্লেখ করে মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া আরও ৪৫০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে জামায়াতের পক্ষ থেকে মামলা করা হলেও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোন পাল্টা মামলা দায়ের করা হয়নি। বিএনপি দলীয় সূত্রে জানানো হয়েছে, তাদের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকায় আইনি পদক্ষেপ নিতে দেরি হচ্ছে। দ্রুতই তারা নিজেদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন : বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালীন এই সংঘর্ষের সূত্রপাত হয়। অনুষ্ঠানে আসনে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে মাওলানা রেজাউল করিম নিহত হন এবং উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

কাকন রেজা, শেরপুর