গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ দোকান পুড়ে ছাই
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে হওয়া এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাহাজমারা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী ফার্মেসি ও মুদি দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী