ওমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কেনাকাটা করতে বেরিয়ে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ মে) সকালে ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহতরা হলেন- মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (৩২) ও মো. শহিদ (৩২)। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে আপন ভাই। এই মর্মান্তিক ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওমান দূতাবাস ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে ছোট দুই ভাই সিরাজ ও শহিদের বুধবার রাতেই দেশে ফেরার কথা ছিল। দেশে ফিরে তাদের বিয়ে করার কথা ছিল। সেই উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা করতে চার ভাই একসঙ্গে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। পথে একটি পার্কিং এলাকায় গাড়ি চালু থাকা অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম শোকার্ত কণ্ঠে জানান, সিরাজ ও শহিদ দেশে এসে বিয়ে করবে বলে কথা ছিল। বুধবার রাতেই তাদের ফ্লাইট ছিল। সেই খুশিতে কেনাকাটা করতে গিয়ে তারা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কল্পনাও করিনি।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)