প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে রিয়াদে সাংস্কৃতিক সন্ধ্যা
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সাংস্কৃতিক সন্ধ্যা। প্রবাসে ব্যস্ত জীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল গান, কবিতা, আবৃত্তিসহ নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
সাধারণ সম্পাদক ফকির আল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়, আয়োজক কমিটির আহবায়ক শাহজালাল ভুট্টো।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ব্যবসায়ী জালাল উদ্দীন ফয়সাল, মিজানুর রহমান চৌধুরী, এনটিভি দশর্ক ফোরামের সভাপতি আলী হাসান কিরণ, সমাজসেবক ঈসাউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে ৭১ টিভির প্রতিনিধি মাসুদ রানা, গাজী টিভির প্রতিনিধি ফকির হাকিম, একুশে টিভির প্রতিনিধি মিজানুর রহমান ভুইয়াসহ সকল প্রবাসী সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই ভূমিকা রাখছেন না, তারা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথাও তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক, অতিথি, সাংবাদিক ও শিল্পীদের মধ্যে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ফারুক আহমেদ চান, সৌদি আরব