বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ২
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিমল দেবনাথ (২৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রীসহ দুই নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের খানসামা-ঝাড়বাড়ী সড়কের সাহেবগঞ্জ বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল দেবনাথ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার পশ্চিম রাঙালিপাড়ার রমেশ দেবনাথের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আহত দুজন হলেন—বিমলের স্ত্রী দীপ্তি দেবনাথ এবং একই উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে সাহেবগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গুরুতর আহত হন বিমল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাশে থাকা লোকজন দ্রুত আহত দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করেন। রাতে তাঁরা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাড়ি ফেরার সেই পথই মুহূর্তে পরিণত হয় শোকের ঘটনায়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)