মালয়েশিয়ায় পাসপোর্ট সেন্টারে ইমিগ্রেশনের অভিযান, উদ্বিগ্ন প্রবাসীরা
মালয়েশিয়ায় পাসপোর্ট ও ই-পাসপোর্ট সংক্রান্ত জরুরি দাপ্তরিক সেবা নিতে গিয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগের সাময়িক জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, পাসপোর্ট নবায়ন, নতুন ই-পাসপোর্টের আবেদন ও ট্রাভেল পারমিট সংগ্রহসহ বিভিন্ন জরুরি সেবা নিতে প্রবাসীরা কুয়ালালামপুরের ওই ভবনে আসেন। এ সময় অতর্কিত অভিযান চালিয়ে বৈধ ভিসাধারীসহ সেবা নিতে আসা একাধিক বাংলাদেশিকে ইমিগ্রেশন কর্মকর্তারা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন।
ঘটনার নিশ্চিতকরণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তারা মূলত সেবাপ্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্টের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই-বাছাই করেছেন। প্রাথমিক যাচাই শেষে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঠিক কতজন বাংলাদেশিকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
অনুমোদিত ও নির্ধারিত সরকারি সেবাকেন্দ্রে এসেও এমন জিজ্ঞাসাবাদের মুখে পড়ার ঘটনায় মালয়েশিয়ায় বসবাসরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরাপদে সেবা গ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে হাইকমিশন। পাশাপাশি সব প্রবাসী বাংলাদেশিকে দাপ্তরিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় নিজ নিজ বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া