মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন, মানতে হবে যেসব নির্দেশনা
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চরম সতর্কতা অবলম্বন, স্থানীয় আইন মেনে চলা এবং সব ধরনের গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে হাইকমিশনের পক্ষ থেকে সম্প্রতি প্রবাসীদের সতর্ক করে এই জরুরি নির্দেশাবলী জারি করা হয়।
হাইকমিশনের এই নির্দেশনায় প্রবাসীদের মালয়েশিয়ার প্রচলিত আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ শ্রদ্ধার সঙ্গে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মালয়েশিয়ায় বাংলাদেশের সার্বিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার গুজব, ভুয়া তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য, সন্ত্রাসবাদ বা উগ্রবাদ-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি কিংবা ভিডিও শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুতে স্থানীয় আইন লঙ্ঘন হতে পারে—এমন যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কর্মস্থল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্পর্শকাতর সরকারি স্থাপনা কিংবা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার বিষয়ে সতর্ক করা হয়। ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত অনলাইন প্রতারণা থেকেও প্রবাসীদের দূরে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া