আবারও আলোচনায় ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার আবারও আলোচনায়। এবার মাঠের পারফরম্যান্স নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ডের জনপ্রিয় সমর্থকগোষ্ঠী ‘বার্মি আর্মি’র সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
বিবিসির ক্রিকেট পরিসংখ্যানবিদ অ্যান্ডি জাল্টজম্যানের একটি পরিসংখ্যান তুলে ধরে বার্মি আর্মি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্নারের ব্যাটিং রেকর্ড নিয়ে খোঁচা দেয়। সেই পোস্টের জবাব দিতে গিয়ে ওয়ার্নার পাল্টা আক্রমণ করেন। তবে বিতর্ক তৈরি হয় যখন নিজের জবাবে তিনি বর্তমান অস্ট্রেলিয়ান ব্যাটার ও সাবেক সতীর্থ মার্নাস লাবুশেনের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গ টেনে আনেন।
ওয়ার্নার ইঙ্গিত করেন, লাবুশেন টানা ৪২ ইনিংসে কোনো সেঞ্চুরি করতে পারেননি। বার্মি আর্মিকে জবাব দিতে গিয়ে বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এমন পরিসংখ্যান সামনে আনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।
সম্প্রতি লাবুশেনের ফর্ম এবং অস্ট্রেলিয়া দলে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। তবে মাঠ ছাড়লেও তার আক্রমণাত্মক স্বভাব যে খুব একটা বদলায়নি, বার্মি আর্মির সঙ্গে সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমের এই বাকযুদ্ধ যেন সেটিই আবার মনে করিয়ে দিল।

রাশেদ শ্রাবন, অস্ট্রেলিয়া