অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে বিরতি নিয়ে দেশে ফিরে বড় বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। করাচি কিংসের এই অধিনায়ককে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সিডনিতে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের এমন কাণ্ডে ক্রিকেট অঙ্গনে বইছে সমালোচনার ঝড়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রক্তে নির্ধারিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারকে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ ডট কম ডট এইউ’-এর প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সিডনিতে ওয়ার্নারের গাড়ি থামায় পুলিশ। পরীক্ষা এড়াতে তিনি আগেই গাড়ি পার্ক করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন এবং ‘ব্রেথলাইজার টেস্ট’ দিতে বাধ্য করেন।
পরীক্ষায় দেখা যায়, তাঁর শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল শূন্য দশমিক ১০৪—যা সিডনির আইনি সীমার দ্বিগুণেরও বেশি। এরপরই তাঁকে আটক করে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।
ওয়ার্নারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী মাসে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, এই অপরাধের জন্য তাঁর বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল, এমনকি জেলও হতে পারে। এই বিষয়ে ওয়ার্নার বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ওয়ার্নারের এই আইনি জটিলতা করাচি কিংসের জন্য বিনামেঘে বজ্রাঘাতের মতো এসেছে। তার নেতৃত্বেই দলটি চলতি পিএসএলে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী ৯ এপ্রিল দ্বিতীয় পর্বের খেলা ধরতে তার করাচিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু গ্রেপ্তারের ঘটনায় তার পাকিস্তান সফর এবং টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্পোর্টস ডেস্ক