প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে নাসিম শাহ
মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের এক মন্তব্য নিয়ে এখন উত্তাল পাকিস্তান ক্রিকেট। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাতিজি মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন তারকা পেসার নাসিম শাহ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তাকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দেন নাসিম।
উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মরিয়ম নওয়াজের কুশল বিনিময়ের একটি ভিডিও নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে পিসিবি। সেই ভিডিওটি নিজের প্রোফাইলে শেয়ার করে নাসিম শাহ ক্যাপশনে লেখেন— ‘কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’
মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুতই পোস্টটি ডিলিট করে দেন নাসিম। পরে তিনি দাবি করেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তা উদ্ধার করেছেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতিমালা ভঙ্গের দায়ে ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসারকে শোকজ করেছে পিসিবি। এক বিবৃতিতে নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তার উত্তরের ওপর ভিত্তি করেই পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পেশাদারিত্ব ও শৃঙ্খলার বিষয়ে পিসিবি কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
এবারের পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজি 'রাওয়ালপিন্ডি' বড় অঙ্কের অর্থে (৮৬.৫ মিলিয়ন রুপি) নাসিম শাহকে দলে ভিড়িয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে পেশোয়ার জালমির বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। তবে শোকজের কবলে পড়ায় এই ম্যাচে নাসিম মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্পোর্টস ডেস্ক