পাকিস্তান ক্রিকেটে অভিযোগ আর পাল্টা অভিযোগ
পাকিস্তানের ক্রিকেটে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। সাবেক থেকে বর্তমান– অভিযোগের তীর ছুড়ছেন একে অপরের বিপক্ষে। এর কারণ হলো চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে দলটির বাজে পারফরম্যান্স।
গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে মোট চার বার মুখোমুখি হয়েছে পাকিস্তান। কিন্তু কোনো ম্যাচেই জয় পায়নি ম্যান ইন গ্রিনরা। জয় ছাপিয়ে প্রশ্ন উঠছে তাদের পারফরম্যান্স নিয়েই। কোনো ম্যাচেই সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারেনি বাবর আজম-শাহিন আফ্রিদিরা।
সর্বশেষ গত রোববার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৫ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের সিনিয়র তিন ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানরা আস্থার প্রতিদান দিতে পারেননি।
এরপরই কঠোর সমালোচনা করেন দেশটির সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আর শহিদ আফ্রিদি তো বাবর-শাহিন-শাদাবের টি-টোয়েন্টি থেকে অবসর চেয়ে বসেন। তাদের দাবি, এই তিন তারকার সময় ফুরিয়ে গেছে।
ভারতের বিপক্ষে ওই ম্যাচে হারের পর পাকিস্তানের সুপার এইটে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে দিয়ে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।
এ ম্যচে ব্যাট-বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স উপহার দেন শাদাব। ব্যাটহাতে ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এরপর বলহাতে চার ওভারে ১৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। পরে সংবাদ মাধ্যমে এসে কঠোর সমালোচনা করেন সাবেক ক্রিকেটারদের।
শাদাব বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা পাকিস্তানের হয়ে অনেক ভালো করেছেন। তবে দিনশেষে, তারাও তো এমন কিছু করতে পারেননি (বিশ্বকাপে ভারতকে হারানো)। বিশ্বকাপে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি আমাদেরই। ব্যাপারটি (ব্যর্থতা) তো শুধু আমাদের নয়। সব মিলিয়েই বিশ্বকাপে আমরা কেবল একবারই হারিয়েছি ভারতকে।’
টি-টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যানে একচ্ছত্র আধিপত্য ভারতের। এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে পাকিস্তান জয় পেয়েছে মোটে ৩টি ম্যাচে। বিশ্বকাপের চিত্র তো আরও করুণ। ৯ বারের দেখায় মোটে একবার জিতেছে পাকিস্তান। ২০২১ সালের আসরে দুবাইয়ে বিরাট কোহলির ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। সেই ম্যাচে ভালো বোলিং করেছিলেন শাদাব।
এবার ভারতের বিপক্ষে হারের পর সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ বলেন, বাবর-শাহিন-শাদাবদের সময় শেষ হয়ে গেছে। তাকে জবাব দিয়ে শাদাব বলেন, ‘তিনি একজন কিংবদন্তি। তবে তিনিও তো বিশ্বকাপে ভারতের বিপক্ষে তেমন কিছু করতে পারেননি।’
ভারতের বিপক্ষে এই ম্যাচে ১ ওভার বোলিং করে ১৭ রান দিয়েছিলেন শাদাব। তার মতে, স্রেফ ওই একটি ওভারের কারণেই এত সমালোচনা করা হচ্ছে তার। শাদাব বলেন, ‘সমালোচনার কথা বললে, এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সবারই মতামত দেওয়ার অধিকার আছে। আমার মনে হয়, দলে ফেরার পর থেকে স্রেফ একটি ওভারই হয়তো ভালো হয়নি আমার। সেটির কারণেই প্রচুর সমালোচনার শিকার হয়েছি।’

স্পোর্টস ডেস্ক