মুস্তাফিজের দারুণ বোলিংয়ে জিতল লাহোর, ব্যর্থ ইমন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শিরোপা ধরে রাখার মিশনটা দারুণ জয়ে শুরু করল লাহোর কালান্দার্স। দলের দুই বাংলাদেশি ক্রিকেটারের জন্য দিনটি ছিল মিশ্র অভিজ্ঞতার। ওপেনার পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
টস জিতে ব্যাটিংয়ে নামে লাহোর। শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার। তবে মাঝে গিয়ে দ্রুত উইকেট হারায় দলটি। চার নম্বরে ব্যাটিংয়ে এসে দায়িত্ব নিতে পারেননি পারভেজ হোসেন ইমন। ১৩ বলে ১৪ রান করেই ফিরে যান তিনি।
তবে ইমনের আক্ষেপ ভুলিয়ে দিয়েছেন মুস্তাফিজ। বোলিংয়ে এসে শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন তিনি। নিজের বুদ্ধিদীপ্ত কাটার আর স্লোয়ারে উইকেট তুলে নিয়ে লাহোরের জয় সহজ করে দেন ফিজ।
মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে ১৯ রানে একটি উইকেট নেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার ‘ডট’ বল খেলান ৯টি, হজম করেননি কোনো বাউন্ডারি।
পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওই ওভারে একটি ওয়াইডসহ মুস্তাফিজ দেন কেবল চার রান। স্লোয়ার, কাটারের মিশেলে বেঁধে রাখেন দুই ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ও কুসাল পেরেরাকে।
মুস্তাফিজের পরের ওভারে প্রথম পাঁচ বলে আসে পাঁচটি সিঙ্গল। শেষ বলে স্লোয়ারে লং-অনে ধরা পড়েন ইরফান খান।
এরপর মুস্তাফিজ আবারও বোলিংয়ে আসেন ইনিংসের ১৮তম ওভারে। এই ওভারে তিনি দেন তিনটি সিঙ্গল। ইনিংসের শেষ ওভারে ৭ রান দেন মুস্তাফিজ। শেষ বলে রান আউট হন মোহাম্মাদ আলি।

স্পোর্টস ডেস্ক