হারের পর শাস্তিও পেলেন সালমান
সিলেট টেস্টে বাংলাদেশের কাছে হারের ধাক্কা কাটতে না কাটতেই নতুন বিপাকে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সালমান আলী আঘা। ম্যাচ চলাকালীন মাঠে অসদাচরণের দায়ে শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি। আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেতে হচ্ছে সালমানকে।
সিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারের ঘটনা। আউট হয়ে সাজঘরে ফেরার পথে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সালমান। ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে নিজের ব্যাট দিয়ে মাঠের একটি বিজ্ঞাপনী বোর্ডে জোরে আঘাত করেন তিনি। সালমানের এই আচরণ ধরা পড়ে সম্প্রচার ক্যামেরায়।
সালমান আলীর এই আচরণ আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারার লঙ্ঘন। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের কোনো উপকরণের ক্ষতি করতে পারবে না।
এটি আইসিসির লেভেল-১ আচরণবিধি ভাঙার অপরাধে সালমানকে আনুষ্ঠানিক তিরস্কার করার পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
সিলেট টেস্টের মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল যৌথভাবে সালমানের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রোর দেওয়া এই শাস্তি সালমান মেনে নিয়েছেন এবং নিজের ভুল স্বীকার করেছেন। তিনি অপরাধ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় অপরাধ। এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলাকালীন একই ধরনের অপরাধে শাস্তি পেয়েছিলেন তিনি। ফলে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট এখন দুটি।

স্পোর্টস ডেস্ক