পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতল ভারত
মুহূর্মুহূ ক্যাচ ফেলে ভারতকে সুযোগ করে দিল পাকিস্তানি ফিল্ডাররা। সেটি কাজে লাগাতে কোনো ভুল করলেন অভিশেক শর্মা-তিলক ভার্মারা। ইনিংসের শুরু আর শেষের ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করাল ভারত। লক্ষ্য তাড়ায় নেমে ঝড়ো ব্যাটিংয়ে দারুণ লড়াই করলেন হাসান নাওয়াজ। তবে বাকিদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেননি তিনি। ফাইনাল জিতে এশিয়ান গেমসের স্বর্ণ ঘরে তুলল ভারত। আর পাকিস্তানকে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলভার নিয়ে।
আজ শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনের কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। জবাব দিতে নেমে নির্দিষ্ট ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান করতে পেরেছে পাকিস্তান।
রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি পাকিস্তানের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তুলে ফেলেছিলেন সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত। কিন্তু এরপর ছোটখাটো ব্যাটিং ধ্বস দেখে পাকিস্তান। দ্রুতই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটার-- সাহিবজাদা (১১ বলে ১০), উসমান খান (৬ বলে ৩) আর মাজ সাদাকাত ১৮ বলে ২৩)।
শুরুর সেই ধাক্কা সামলে সাইম আইয়ুবকে নিয়ে জুটি বাঁধেন চার নম্বরে নামা হাসান নাওয়াজ। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৮৭ রানের জুটি গড়েন এই দুজন। ২২ বলে ২৯ রান করে সাইম ফিরলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুতই ফেরেন ছয় নম্বরে নামা আব্দুল সামাদ (৯ বলে ৯)।
বাকিরা ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিংয়ে লড়াই চালিয়ে যান হাসান নাওয়াজ। বাকিদের ব্যাটারদের তিনি যেন দেখিয়ে দিলেন কিভাবে এই উইকেটে ব্যাটিংটা করতে হয়। অবশ্য বাকিদের মন্থর ব্যাটিং আর দায়িত্বহীনতায় দলকে জেতাতে পারেননি তিনি। শেষ বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৯৬ রান করেন তিনি।
ভারতের হয়ে সমান দুটি করে উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর আর শিভাম দুবে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল ভারত। তবে এর মাঝেই দ্রুত দুই উইকেট তুলে নেয় পাকিস্তান। বৈভব সূর্যবংশীকে (৯ বলে ১৫) ও সান্জু স্যামসনকে (৪ বলে ২) ফিরিয়ে দেয় পাকিস্তান।
তবে একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানের বোলারদের শাসন করে যান অভিষেক শর্মা। অবশ্য তাকে সেই সুযোগ করে দিচ্ছিল পাকিস্তানের ফিল্ডাররা। উইকেটের পেছনেই দুটি ক্যাচ ফেলে দেন উইকেটরক্ষক উসমান খান। শেষ পর্যন্ত অবশ্য আরাফাত মিনহাজের বলে স্টাম্পিং উসমানই ফেরান অভিষেককে। এর আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৮ বলে ৬১ রান করেন তিনি।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার আর ইশান কিষাণ ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। কিছুটা মন্থর ব্যাটিংয়ে ২৪ বলে ২১ রান করেন শ্রেয়াস আইয়ার আর ইশানের ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান।
এরপর শেষদিকে আবারও পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ব্যাটাররা। ষষ্ঠ উইকেট জুটিতে ৩০ বলেই ৬২ রান করে ফেরেন তিলক ভার্মা আর শিভাম দুবে। ১৫ বলে ২৭ রান করে দুবে ফিরলে ভাঙে সেই জুটি। তবে থামেননি তিলক, শেষ ওভারে ঝড় তুলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিলক।
পাকিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নেন আরাফাত মিনহাজ আর আহমেদ দানিয়েল। একটি করে উইকেট যায় সাইম আইয়ুব আর আবরার আহমেদের ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক