পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত
ঝড়ো ব্যাটিংয়ে শুরু আর শেষটা নিজেদের করে নিল ভারত। ইনিংসের মাঝের সময়টায় পাকিস্তানি বোলাররা কিছুটা প্রতিরোধ গড়লেও ভারতকে অল্পতে আটকাতে পারেনি সেটি। বরং মুহূর্মুহূ ক্যাচ ফেলে ভারতকে বড় রানের সুযোগ করে দিল তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে এশিয়ান গেমসের স্বর্ণ জয়ে পাকিস্তানকে বড় লক্ষ্য দিল ভারত।
আজ শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনের কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল ভারত। তবে এর মাঝেই দ্রুত দুই উইকেট তুলে নেয় পাকিস্তান। বৈভব সূর্যবংশীকে (৯ বলে ১৫) ও সান্জু স্যামসনকে (৪ বলে ২) ফিরিয়ে দেয় পাকিস্তান।
তবে একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানের বোলারদের শাসন করে যান অভিষেক শর্মা। অবশ্য তাকে সেই সুযোগ করে দিচ্ছিল পাকিস্তানের ফিল্ডাররা। উইকেটের পেছনেই দুটি ক্যাচ ফেলে দেন উইকেটরক্ষক উসমান খান। শেষ পর্যন্ত অবশ্য আরাফাত মিনহাজের বলে স্টাম্পিং উসমানই ফেরান অভিষেককে। এর আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৮ বলে ৬১ রান করেন তিনি।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার আর ইশান কিষাণ ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। কিছুটা মন্থর ব্যাটিংয়ে ২৪ বলে ২১ রান করেন শ্রেয়াস আইয়ার আর ইশানের ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান।
এরপর শেষদিকে আবারও পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ব্যাটাররা। ষষ্ঠ উইকেট জুটিতে ৩০ বলেই ৬২ রান করে ফেরেন তিলক ভার্মা আর শিভাম দুবে। ১৫ বলে ২৭ রান করে দুবে ফিরলে ভাঙে সেই জুটি। তবে থামেননি তিলক, শেষ ওভারে ঝড় তুলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিলক।
পাকিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নেন আরাফাত মিনহাজ আর আহমেদ দানিয়েল। একটি করে উইকেট যায় সাইম আইয়ুব আর আবরার আহমেদের ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক