আইপিএলে সৌরভের নতুন মাইলফলক
সৌরভ গাঙ্গুলির ক্রিকেট ক্যারিয়ারজুড়েই রয়েছে নেতৃত্ব ও সাফল্যের উজ্জ্বল অধ্যায়। ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে তিনি বদলে দিয়েছিলেন দলের মানসিকতা ও লড়াইয়ের ধরন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পরামর্শক ও পরিচালক হিসেবে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এবার সেই দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিল্লি ক্যাপিটালসকে নতুন উচ্চতায় নিতে চান ‘মহারাজা’।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে এবার পেয়েছেন আরও বড় দায়িত্ব। ২০২৭ আইপিএল আসরের আগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। লক্ষ্য একটাই, দিল্লিকে প্রথমবারের মতো আইপিএল শিরোপা এনে দিয়ে নিজের সাফল্যের মুকুটে যোগ করা নতুন পালক।
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে এর আগেও দেখা গেছে ‘মহারাজা’খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। তবে এবারই প্রথম প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। এর আগের দুই মৌসুমে দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি।
২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী স্টাফ ও পরামর্শক হিসেবে কাজ করে আসছিলেন গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব শেষ করার পর পুরুষ ও নারী–উভয় জাতীয় দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি।
দিল্লির প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর সৌরভ বলেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের। বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। এই দলের সঙ্গে কাজ করতে, নতুন মৌসুম শুরু করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে আমি উন্মুখ।’
এবার দিল্লি ক্যাপিটালসকে প্রথম আইপিএল শিরোপা এনে দেওয়ার চ্যালেঞ্জ সৌরভের সামনে। আইপিএলের শুরুর দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ও পাঞ্জাব কিংস, এই দুটি দল এখনো শিরোপার স্বাদ পায়নি। দিল্লি ২০২০ সালে ফাইনালে উঠে ট্রফির সবচেয়ে কাছে গিয়েছিল। পরের বছর পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে উঠতে পারেনি তারা।
২০২১ সালের পর আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দিল্লি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির তত্ত্বাবধানে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে দলটি। এবার সেই ব্যর্থতা পেছনে ফেলে দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব সৌরভ গাঙ্গুলির কাঁধে।

স্পোর্টস ডেস্ক