জুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে জরিমানা গুনতে হচ্ছে বার্সালোনাকে
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আতলেতিকো সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন জুলিয়ান আলভারেজ। এবার ক্ষমা চেয়ে গোলের মাধ্যমে আবারও সমর্থকদের মন জয়ের চেষ্টা করছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। অন্যদিকে, আলভারেজকে পেতে বার্সেলোনাকে গুনতে হয়েছে ৬০২ ইউরো জরিমানা।
জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা ঘিরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ৬০২ ইউরো (৬৭০ ডলার) জরিমানা গুনতে হয়েছে বার্সেলোনাকে। আতলেতিকো মাদ্রিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শাস্তি দেওয়া হয়।
আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আতলেতিকোর। ক্লাবটির অভিযোগ, লিখিতভাবে আগে না জানিয়ে আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিধিমালার ১৩৩ নম্বর ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে। এ নিয়ে ফিফার কাছেও অভিযোগ করেছিল আতলেতিকো। তবে সংস্থাটি জানিয়ে দেয়, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। আলভারেজের ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টি অবশ্য আরও বেশি প্রকাশ্যে এসেছে।
শনিবার (২৪ অক্টোবর) দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে আতলেতিকোর জয়সূচক গোল করেন এই স্ট্রাইকার। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলকে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার দুই পয়েন্টের মধ্যে নিয়ে আসেন তিনি। ম্যাচের আগে অবশ্য বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য ক্ষমাও চান আলভারেজ।
এই ব্যাপারে আলভারেজ বলেন “এটা একটা ভুল ছিল। সমর্থকেরা কেন রাগ করেছেন, তা আমি বুঝতে পারছি। আমি যদি সমর্থক হতাম, আমিও রাগ করতাম। বিশেষ করে, এখানে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, সেটা বিবেচনায় নিলে”
২০২৬ বিশ্বকাপ চলাকালে এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সে সময় আলভারেজ বলেছিলেন, “আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।” তার এই মন্তব্য থেকেই শুরু হয় দলবদল নিয়ে বিরোধ, যা গ্রীষ্মকালীন দলবদলের পুরো সময়জুড়ে আলোচনায় ছিল।
চলতি মৌসুমে নিজেদের মাঠে আতলেতিকোর সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে আলভারেজকে একাধিকবার। তবে শনিবার গোল করার পর দর্শকদের একাংশ দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। মেট্রোপলিতানোর সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এই অভ্যর্থনাকে তারই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। চুক্তিটির মূল্য সর্বোচ্চ ৯ কোটি ৫০ লাখ ইউরো (১১ কোটি ১০ লাখ ডলার)। ম্যানচেস্টার সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছিলেন তিনি। আতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তার গোলসংখ্যা ৫১।

স্পোর্টস ডেস্ক