মুস্তাফিজ-নাহিদ ভক্তদের জন্য দুঃসংবাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। শেষ ম্যাচে স্লোয়ার-কাটারের পসরা সাজিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নাহিদ, আর শেষ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন 'কাটার মাস্টার' মুস্তাফিজ।
মাঠের এই দুর্দান্ত পারফরম্যান্সের মাঝেও তাদের ভক্তদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি এই দুজনকে। এর পেছনে কারণ ছিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাদের খেলা। জানা গিয়েছিল, ওয়ানডে সিরিজ শেষ করে আবারও পিএসএলে নিজ নিজ দলের সঙ্গে দেবেন মুস্তাফিজ-নাহিদ।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পিএসএলে ফেরা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাকি সময় খেলার জন্য আর অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না।
কেনো পিএসএলে যাওয়া হবে না, সংবাদ বিজ্ঞপ্তিতে সেই কারণও জানিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের কারণে পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে মুস্তাফিজকে। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদকে।
মুস্তাফিজুর রহমান হাঁটুর সমস্যায় ভুগছেন। এই চোটের কারণেই সিরিজের প্রথম দুই ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। শেষ ম্যাচে মাঠে নামলেও তাঁর শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। যে কারণে তার হাঁটুতে একটি স্ক্যান করা হবে। এরপর তাকে বিসিবির ডাক্তারদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
অন্যদিকে, তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজে অবিশ্বাস্য বোলিং করা এই পেসারকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে। সামনের মাসে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। লাল বলের সেই সিরিজের জন্য নিজেকে শতভাগ ফিট রাখতেই নাহিদকে পিএসএলে পাঠানোর ঝুঁকি নিচ্ছে না বোর্ড।

স্পোর্টস ডেস্ক