‘নাহিদ রানার গতির মুখে পড়তে চাইবে না বাবর’
লাহোরে গত রাতে শিরোপা জয়ের উৎসবে মেতেছিলেন বাবর আজম ও নাহিদ রানা। হায়দরাবাদ কিংসমানকে হারিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে তাদের দল পেশোয়ার জালমি। তবে এই উৎসবের রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছেন তারা।
আগামী ৮ মে ঢাকা টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। পিএসএলে নাহিদ রানার আগুনে বোলিং দেখার পর অ্যারন হার্ডি নাহিদ রানার প্রশংসা করে বলেছেন, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হয়তো নাহিদের গতি এড়াতে পারলেই বাঁচবেন!
এবারের পিএসএলে নাহিদ রানা খেলেছেন মাত্র ৫ ম্যাচ। টুর্নামেন্টের মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দেশে ফিরে আসলেও, ফাইনালের আগে পেশোয়ারের বিশেষ অনুরোধে তাকে ফের পাকিস্তান পাঠায় বিসিবি। ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ২২ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ পেসার।
পুরো টুর্নামেন্টে ৯ উইকেট নিলেও নাহিদের গতির কাছেই মূলত পরাস্ত হয়েছেন ব্যাটাররা। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
পেশোয়ারের ফাইনাল-সেরা অলরাউন্ডার অ্যারন হার্ডি নাহিদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সে মাত্র তিন দিন আগে প্লেন থেকে নামল এবং আজও দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে রীতিমতো ছুটছিল এবং ১৫১ কিলোমিটার গতিতে বল করছিল, ব্যাটসম্যানদের জন্য সেটা ছিল ভয়াবহ।’
বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরজের প্রসঙ্গ টেনে হার্ডি বলেন, ‘আমি জানি, সপ্তাহখানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।’
২৩ বছর বয়সী নাহিদ রানার প্রতিভা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার হার্ডি। তিনি মনে করেন, অদূর ভবিষ্যতে বিশ্বের সব বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নাহিদের ডাক পড়বে। হার্ডি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে এবং যেকোনো প্রতিযোগিতায় খেলবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়কে সবাই সাদরে গ্রহণ করবে। আমি তাকে নিয়ে খুবই রোমাঞ্চিত।’
পিএসএল ফাইনালে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতার পাশাপাশি উইজডেনের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি গতিদানব।

স্পোর্টস ডেস্ক