দেশব্যাপী শুরু হচ্ছে নতুন প্রতিভা খোঁজার কাজ
পেসার হান্ট থেকে জাতীয় দলে উঠে এসেছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম এবং এবাদত হোসেনের মতো একাধিক পেসার। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বিসিবির বোলার হান্ট। এবার অবশ্য পরিসর আরও বড় ও ভিন্ন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে এবারের বোলার হান্টের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পেসারের পাশাপাশি স্পিনারদেরও খোঁজা হবে এই কার্যক্রমে। থাকছে নারী বোলারদের অংশগ্রহণের সুযোগও।
চলতি মাসের ২৭ তারিখ থেকে দেশের আট বিভাগে শুরু হবে বোলার হান্ট। ঢাকায় থাকছে দুটি ভেন্যু। সবমিলিয়ে মোট আটটি ভেন্যুতে এই হান্ট আয়োজন করা হবে। তবে সব জায়গায় একই দিনে কার্যক্রম হবে না, ভিন্ন ভিন্ন তারিখে নির্ধারিত ভেন্যুগুলোতে বোলারদের বাছাই করা হবে। বিসিবির এই উদ্যোগের সঙ্গে এবারও থাকছে স্পন্সর প্রতিষ্ঠান রবি।
জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিভা খুঁজে বের করার। এর মধ্যে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, কোরি কলিমোর (ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার) যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও থাকবেন মুশতাক আহমেদ (পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ-স্পিনার) যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন। এছাড়া নারী বোলারদের ক্ষেত্রেও মাঠে থাকবেন নির্বাচকরা।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গতি কিংবা স্পিনের প্রতিভা খুঁজে বের করাই এবারের মূল লক্ষ্য। বাছাই করা বোলারদের দেওয়া হবে আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরিচর্যা। সেখান থেকেই জাতীয় দল ও ভবিষ্যৎ পাইপলাইনের জন্য মানসম্মত বোলার তৈরির পরিকল্পনা থাকছে বিসিবির। ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মাই রবি’ এবং ‘মাই সার্কেল’ অ্যাপের মাধ্যমে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে।
বিসিবি এর আগে গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আরাফাত রহমান কোকোর উদ্যোগে প্রথম দেশব্যাপী পেসার হান্ট করেছিল ২০০৪ সালে এবং পরবর্তীতে ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে পেসার হান্ট হয়, যেখান থেকে রুবেল হোসেন জাতীয় দলে আসে।
অন্যদিকে, রবির সহযোগিতায় পেসার ও স্পিনার হান্টগুলো অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে (বিশেষ করে ২০১৬ সালে ‘রবি পেসার হান্ট’ অনুষ্ঠিত হয়)
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, রিশাদ ও এবাদতের মতো প্রতিভা তারা পেয়েছেন বোলার হান্টের মাধ্যমে। এবারও ভালো কিছু প্রতিভা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক