বিসিবিতে নতুন দায়িত্ব পাচ্ছেন সৈয়দ রাসেল
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সৈয়দ রাসেলের। এবার কোচিং ক্যারিয়ারে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
একসময় জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে নিয়মিত মুখ ছিলেন রাসেল। বিশেষ করে ওয়ানডেতে দুজন পেসার নিয়ে খেললে তাদের একজন হিসেবে দেখা যেত তাকে। তবে ২০১০ সালের পর জাতীয় দলের ক্যারিয়ার আর খুব বেশি এগোয়নি। এরপর ঘরোয়া ক্রিকেটেই ব্যস্ত ছিলেন তিনি।
খেলা ছাড়ার পর কোচিং পেশায় যুক্ত হন রাসেল। ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। গত কয়েক বছর খুলনা বিভাগের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন।
তবে আসন্ন লাল বলের জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের কোচিং স্টাফে থাকছেন না রাসেল। এর মধ্যেই নতুন দায়িত্বের অপেক্ষায় সাবেক এই সাবেক পেসার।
বিসিবির এক সূত্রের বরাতে জানা গেছে, হাই পারফরম্যান্স দলের পেস বোলিং কোচ হিসেবে রাসেলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে তালহা জুবায়েরের ব্যস্ততা থাকায় এইচপি দলে নিয়মিত সময় দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তাই তার জায়গায় রাসেলকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এইচপি দলের ক্যাম্প। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। এবারের ক্যাম্পে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটারকে ডাকা হতে পারে।

স্পোর্টস ডেস্ক