চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের
আগামী মাসে আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ইতোমধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এবার চমক দিয়ে বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে শান মাসুদকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
বেশ কিছুদিন ধরে পাকিস্তানের টেস্ট দলের কোচের আলোচনায় ছিলেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সেই আলোচনাকে বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সরফরাজকে। এর আগে তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছেন।
সরফরাজের সঙ্গে কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন আরও দুজন সাবেক ক্রিকেটার। বাংলাদেশ সফরে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক পেসার উমর গুলকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক ক্রিকেটার আসাদ শফিক।
পাকিস্তানের সাদা পোষাকের টেস্ট দলে অভিষেক না হওয়া চার ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। স্কোয়াডে ডাক পাওয়া এই নতুন চার মুখ হলেন- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।
বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা চলছে। স্কোয়াডে থাকা বেশির ভাগ খেলোয়াড়ই পিএসএলে খেলছেন। তবে পিসিবি জানিয়েছে, লাল বলের সঙ্গে মানিয়ে নিতে করাচিতে একটি ক্যাম্প করবে পাকিস্তান।
আগামী ২৭ এপ্রিল শুরু হবে সেই ক্যাম্প। চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ধরার কথা রয়েছে পাকিস্তানের। বর্তমানে পিএসএলে খেলা ক্রিকেটাররা নিজ নিজ দলের খেলা শেষ করে ক্যাম্পে যোগ দেবেন।
সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

স্পোর্টস ডেস্ক