নিউজিল্যান্ডকে শাসিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
পথ হারাতে বসা বাংলাদেশকে পথ দেখালেন তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধের দেওয়াল গড়ে তুললেন তারা। এরপর রীতিমতো শাসন করতে শুরু করলেন কিউই বোলারদের। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে চালকের আসনে বসেছে বাংলাদেশ। যদিও এরপর হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফিরেছেন তামিম।
আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে বাংলাদেশ।
মাত্র ২১ রানে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন তামিম আর শান্ত। তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন এই দুজন। কিউই বোলারদের শাসন করে ১০২ বলে ১১২ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা।
ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাটছিলেন এই টাইগার ওপেনার। তার আগেই অবশ্য তাকে থামিয়েছেন জেডেন লিনক্স। ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তামিম, কিন্তু সেটি ঠিকঠাক মতো হয়নি। দারুণভাবে বল তালু বন্দি করেন হেনরি নিকোলস। তামিম ফেরেন ৫৮ বলে ৭৬ রান করে।
শুরুর ধাক্কা সামলে পাওয়ার-প্লেতে এগিয়ে বাংলাদেশ
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথকে দুটি চার মেরে উড়ন্ত শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। ফেরার আগে ৬ বলে ৮ রান করেন তিনি।
দুই সিরিজ পরে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। দেখেশুনে শুরু করার পরও উইকেটে থিতু হতে পারেননি তিনি। ১১ বলে ৮ রান করে ফিরেছেন উইলিয়াম ও’রুর্কের বলে ডিন ফক্সক্রফটকে ক্যাচ দিয়ে।
উইকেট হারালেও রানের গতি বাড়িয়ে নিচ্ছেন তামিম আর শান্ত। দুজনই কিছুটা হাত খুলে খেলছেন। যে কারণে পাওয়ার-প্লে শেষে বাংলাদেশের রানরেট ৬.৭১।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ। নাহিদ রানার ফাইফারে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় কিউইরা।

স্পোর্টস ডেস্ক