বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু পুঁজি জিম্বাবুয়ের
ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। আজ বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুদল। টস হেরে ব্যাটিংয়ে নেমে লড়াকু পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। ২০ ওভারে ৬ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭০ রান।
শুরু থেকেই ক্রিজে ঝড় তোলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ৩.৩ ওভারের উদ্বোধনী জুটিতে দলটি যোগ করে ৩৭ রান। ৯ বলে ১৪ রান করে নাহিদ রানার শিকার হন মারুমানি। আরেক ওপেনার ব্রায়ান বেনেট খেলেন ৩০ বলে ৪৪ রানের ইনিংস। তাকেও বিদায় করেন নাহিদ।
এরপর বুঝেশুনে এগোনোর ছক কষে জিম্বাবুয়ে। দিওন মায়ার্সের ২০ বলে ২০ রানের ইনিংস থামে সাইফউদ্দিনকে উইকেট দিয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ঝড়ের আভাস দেন। ১৩ বলে ২০ রানে তাকে থামান সাইফউদ্দিন।
শেষ দিকে আবার দৃশ্যপটে হাজির হন নাহিদ। লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটারকে পরপর দুই বলে ফিরিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। তবে, ব্র্যাড ইভান্সের ১০ বলে অপরাজিত ১৯ রানে ভালো সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন নাহিদ। ৩৫ রানে সাইফউদ্দিন পান ২ উইকেট।

স্পোর্টস ডেস্ক